বাংলাদেশ ইউনিভার্সিটিতে
শীতের আমেজে পিঠা উৎসব অনুষ্ঠিত।
বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ইউনিভার্সিটির সিএসই বিভাগের উদ্যোগে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে বিভাগের শিক্ষার্থীরা নিজেদের তৈরি নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা নিয়ে অংশ নেন। নারকেল পুলি, দুধপুলি, ভাপা, পাটিসাপটা, পোয়া, হাতকুলি, ইলিশ পিঠাসহ বাহারি পিঠার পাশাপাশি বিক্রি হয় মিষ্টি, কেক, লাড্ডু ও চা। কিছু স্টলে কাচ্চি বিরিয়ানি ও মোরগ পোলাও বিক্রি হয়।
সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর সাদিক ইকবাল বলেন, পিঠা বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই পিঠা উৎসব এখন বাংলাদেশ ইউনিভার্সিটিরও একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের এমন সৃজনশীল উদ্যোগ বিশ্ববিদ্যালয়কে আরও প্রাণবন্ত করে তোলে।
আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন। ভবিষ্যতে আরও বড় পরিসরে পিঠা উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী কাজী রেহান বলেন, শহরের জীবনে গ্রামীণ পিঠার স্বাদ খুব কমই পাওয়া যায়। এই উৎসবে এসে শৈশবের স্মৃতি মনে পড়ে গেছে।
এবারের পিঠা উৎসবে মোট ১৫ টি স্টল অংশগ্রহণ করে। কলাগাছ, আলপনা ও রঙিন ফেস্টুনে সাজানো স্টলগুলো গ্রামীণ আবহ তৈরি করে।
দিনব্যাপী এ পিঠা উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Bangladesh University
ALL